Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে অটোরিকশা চালক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার তিন

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব। এ ঘটনায় অটোরিকশা কেনা ও হেফাজতে রাখার অভিযোগে নরসিংদীর মনোহরদীর এক দোকানমালিক কিবরিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

অটোরিকশা ছিনতাইয়ে চালক খুন, ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

পিবিআই জানায়, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর থেকে অটোরিকশা নিয়ে বের হন ৬০ বছর বয়সী আতাউর রহমান। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, এ ঘটনায় ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব খান ও নকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আদালতে দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উঠে এসেছে।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আতাউর রহমানের মা জহুরা খাতুন। মা-ছেলের পরপর মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস