জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা। তার বয়স আট মাস। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মনসুর আলীর সন্তান। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট জেলায় ৫৫ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন। সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃতের সংখ্যা ১৪৩ জন।
প্রতিনিধি/এসএস