Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে চেম্বারে ঢুকে পশু চিকিৎসককে মারধর, তরুণী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম

ময়মনসিংহ নগরে চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানকে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি (২০) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) নগরের আকুয়া এলাকার এক বান্ধবীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেঁজুতি নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা। তিনি ডা. হারুন অর রশিদের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে কোতোয়ালি মডেল থানার একটি দল তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ভিডিওটি পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। তদন্তের একপর্যায়ে সেঁজুতিকে শনাক্ত করে পুলিশ। পরে রোববার তাকে আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আহত পশুচিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। তার অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। প্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস