Dhaka Mail Logo

সারাদেশ

বেগমগঞ্জে আবারও গুলিবর্ষণ, শিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গুলিবর্ষণের ঘটনায় শিবিরের কর্মীসহ অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটোরাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধরা হলেন— বারইচতল গ্রামের মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) ও মো. হোসেনের ছেলে সাহের।

বেগমগঞ্জ উপজেলার জামায়াতের আমীর আবু জায়েদ বলেন, এদের মধ্যে দুইজন শিবিরের সমর্থক বলে জানা গেছে। এর আগেও বিয়ের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমরা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায়  হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রতিনিধি/টিবি