জেলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ০১:১৭ এএম
কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলীর মরদেহ কুষ্টিয়ায় পৌঁছেছে।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাড়ির সামনে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শেষবারের মত তাদের একনজর দেখতে স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও পরিবারের সদস্যরা কফিনের পাশে এসে ভিড় জমান। পরে পাশেই তরুণ সংঘ ক্লাব চত্বরে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হলেও পরে দেবাশীষের স্ত্রী ও তার শ্বশুর আকরাম আলীর মরদেহ তাদের নিজ বাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নেয়া হয়। সেখানেও এক শোকাবহ পরিস্থিতির অবতারণা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী রাতেই সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার সন্তান। শর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে সমাধিস্থ করা হলেও স্ত্রী ও শশুরকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে।
এর আগে, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য বেঙ্গালুরু যান দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যরা। টানা ১৩ দিন পর চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতার নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ওঠেন তারা। বুধবার তাদের দেশে ফেরার কথা থাকলেও ভোররাতে হোটেলের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান দেবাশীষ দত্তসহ পরিবারের সবাই। নানা নাটকীয়তা ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার আজ শনিবার তাদের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে।
দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের মাঝে।
প্রতিনিধি/এজে