Dhaka Mail Logo

সারাদেশ

সৌদি থেকে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ১২:২৮ এএম

সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার সদর উপজেলার বানাশুয়া গ্রামের মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য পছন্দের বিভিন্ন জিনিসপত্র কেনাকাটাও শেষ করেছিলেন। দেশে ফেরার আগে সেই মালপত্র গোছাতে গিয়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে। রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। জীবিকার তাগিদে দুই দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে চাকরি করছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন রাসেল। স্বল্প সময়ের ছুটি শেষে আবার সৌদি আরবে ফিরে যান। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে দেশে স্থায়ীভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের জন্য পছন্দের বিভিন্ন পোশাক ও উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে রেখেছিলেন।

২২ আগস্ট দুপুরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে কেনাকাটা করা মালপত্র গোছাচ্ছিলেন রাসেল। এ সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা ওঠে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেলের আকস্মিক মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটা শেষ করেও সেই উপহার নিয়ে আর প্রিয়জনদের কাছে ফিরতে পারলেন না তিনি।

স্বজনরা জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছিলেন রাসেল। এবার দেশে ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

প্রতিনিধি/ এজে