Dhaka Mail Logo

সারাদেশ

নরসিংদীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

নরসিংদীর মনোহরদীতে বসতঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের আতাউর রহমানের ছেলে এবং অটোরিকশাচালক ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মা-বাবার সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন আকাশ। ফজরের নামাজের পর তাঁর বাবা তাঁকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষিজমিতে কাজ করতে মাঠে চলে যান।

পরে সকাল ৭টার দিকে আকাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান তাঁর মা। তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য ঘর থেকে বের করলে তাঁর মৃত্যু হয়।

পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আকাশকে কুপিয়ে গুরুতর আহত করে রেখে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ঘটনায় সন্দেহজনকভাবে একই গ্রামের মামুন নামে একজনকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এলএ