জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক চা-দোকানিকে গলা ও হাত কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুরে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামতলা ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শেখ (৩৫) ওই এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান চালাতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান চালানোর পর শনিবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন ফারুক। বিদ্যুৎ না থাকায় ঘরের দরজা খোলা রেখেই তিনি ঘুমান।
দুপুর দুইটার দিকে তার বড় ভাই ফরিদ শেখ খাবার নিয়ে ঘরে গিয়ে ফারুককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, ফারুক একাধিক বিয়ে করলেও বর্তমানে কোনো স্ত্রী তার সঙ্গে থাকতেন না।
প্রতিনিধি/এসএস