জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম
যশোরের মণিরামপুরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) ও মফিজুর রহমানের ছেলে জিসান (১০)।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে পরিবারের অজান্তে ইয়াসমিন ও জিসান বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে অপরজনও পানিতে তলিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বাওড়ে নেমে তাদের উদ্ধার করেন। পরে বাড়িতে নেওয়া হলে স্বজনেরা তাদের মৃত দেখতে পান।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে হাজরাকাটি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, শাপলা ফুল তুলতে গিয়ে পারখাজুরা বাওড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে।
প্রতিনিধি/এসএস