Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে ক্যাসিনো সম্রাট রাজিব কুমার অধিকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ক্যাসিনো সম্রাট রাজিব কুমার অধিকারীকে (৩৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

এর আগে, শনিবার ভোর রাতে নগরীর জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজিব শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা রংপুর মহানগর কার্যকরী কমিটির সভাপতি পদে রয়েছেন। 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার ভোর রাতে কোতয়ালী থানার ২৪নং ওয়ার্ডের জাহাজ কোম্পানী মোড় হতে সাতমাথাগামী জি এল রোডস্থ জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোবাইল ফোনে এবং বিকাশ এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা এবং অনলাইন জুয়ায় অংশগ্রহণের সময় রাজিব কুমার অধিকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজিব নগরীর দক্ষিণ কামাল কাছনা ওয়ার্ড নং-২৪ এলাকার সন্তোষ কুমার অধিকারীর ছেলে। এসময় ভিন্ন মডেলের ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্বার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। মেট্রোপলিটন পুলিশ অনলাইন জুয়া, বেটিং, সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিনিধি/ এজে