জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
আর মাত্র কয়েকটি পরীক্ষা বাকি ছিল। এরপরই শেষ হতো নাফিসা নাওয়ালের এইচএসসি পরীক্ষা। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীর।
শনিবার (২২ আগস্ট) সকালে নগরের নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় নাফিসা গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে। শনিবার তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পরিবারের সদস্যরা জানান, মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন নাফিসা। পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে একটি ক্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় নাফিসা নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস