Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ীতে ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ চালু, কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত হয়েছে সৌরবিদ্যুৎ পরিচালিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ (হাইব্রিড সোলার অপারেটেড)’। রাজবাড়ী উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় পচনশীল ফসল সংরক্ষণে এনেছে বৈপ্লবিক পরিবর্তন।

​কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মিনি কোল্ড স্টোরেজটির ধারণক্ষমতা ৩ টন। এটি সম্পূর্ণ হাইব্রিড সোলার সিস্টেমে পরিচালিত হওয়ায় বিদ্যুৎ বিপর্যয় বা লোডশেডিংয়ের সময়েও নিরবচ্ছিন্নভাবে ফসল তাজা ও ঠাণ্ডা রাখবে। কোনো বাড়তি বিদ্যুৎ বিলের ঝামেলা না থাকায় কৃষকরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পণ্য সংরক্ষণ করতে পারছেন। আগে স্থানীয় বাজারে সঠিক সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চাষিরা টমেটো, কাঁচা মরিচ ও বিভিন্ন শাকসবজি পানির দামে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে বাধ্য হতেন। কোল্ড স্টোরেজ চালুর পর থেকে সেই চিত্র বদলাতে শুরু করেছে।

fe46f267-bd22-4751-94ad-b4d70c6b03ed

​এই মিনি কোল্ড স্টোরেজটি কেবল একটি অবকাঠামো নয়, বরং স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার চালিকাশক্তি। কৃষকরা সঠিক মূল্য পাওয়ায় তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় হাট-বাজারের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া পচনশীল পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত হওয়ায় স্থানীয় বাজারে হুটহাট পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতাও নিয়ন্ত্রণে আসছে।

স্থানীয় সবজি চাষি মো. রফিকুল ইসলাম বলেন, আগে ক্ষেত থেকে টমেটো তোলার পর ২-৩ দিনের মধ্যে বিক্রি না করলে সব পচে যেত। ফড়িয়ারা এই সুযোগ নিয়ে আমাদের থেকে কম দামে ফসল কিনে নিত। এখন আমরা কোল্ড স্টোরেজে মাল রেখে বাজারের দর দেখে দেখে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারছি।

আরেক চাষি আব্দুস সাত্তার বলেন, কাঁচা মরিচের দাম বাজারে প্রতিদিন ওঠানামা করে। সোলার কোল্ড স্টোরেজ হওয়ায় কারেন্ট না থাকলেও মরিচ একদম তাজা থাকে। ফসল নষ্ট হওয়ার ভয় কেটে যাওয়ায় এখন আমরা ভালো লাভের মুখ দেখছি।

569034f4-c9c4-406b-bb5e-13ba3374631e

​তরুণ কৃষি উদ্যোক্তা নাজমুল হোসেন বলেন, প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগে গ্রামীণ যুবকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ফসল সংরক্ষণের নিশ্চয়তা থাকায় অনেকেই এখন বড় পরিসরে বাণিজ্যিক সবজি ও ফলমূল চাষে আগ্রহী হচ্ছেন।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জনি খান বলেন, রাজবাড়ীর বসন্তপুর অঞ্চলে প্রচুর পচনশীল শাকসবজি ও ফলমূল উৎপাদিত হয়। উপযুক্ত সংরক্ষণের অভাবে প্রতি বছরই কৃষকদের একটি বড় অংশের ফসল নষ্ট হতো কিংবা নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে হতো। এই ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ চালুর মাধ্যমে কৃষকদের দীর্ঘদিনের সেই ভোগান্তির নিরসন হলো। সম্পূর্ণ হাইব্রিড সোলার সিস্টেমে চলায় এতে কোনো নিরবচ্ছিন্ন বিদ্যুতের ওপর নির্ভর করতে হয় না, যা পরিচালনা খরচ একবারে কমিয়ে এনেছে। আমরা মাঠপর্যায়ে কৃষকদের এই প্রযুক্তি ব্যবহারে সার্বিক কারিগরি পরামর্শ দিচ্ছি, যাতে তারা তাদের কষ্টের ফসল সঠিক সময়ে বাজারজাত করে কাঙ্ক্ষিত লাভ পান।

ebd3baec-1252-4ff6-97e9-dcc30fb88df6

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. শহীদুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলায় কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পেলেও পচনশীল ফসলের সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ ছিল আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ (হাইব্রিড সোলার অপারেটেড)’ স্থাপনের মাধ্যমে কৃষিবান্ধব এই প্রযুক্তি স্থানীয় পর্যায়ে কৃষকদের ফসল অপচয় রোধে বৈপ্লবিক পরিবর্তন আনবে। জলবায়ুবান্ধব এই সোলার মডেলটি শুধু বিদ্যুতের ওপর নির্ভরতা কমায়নি, বরং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে সঠিক মূল্য পাওয়ার সুযোগ তৈরি করেছে। আমরা জেলার অন্যান্য অঞ্চলেও এ ধরনের প্রযুক্তিভিত্তিক কোল্ড স্টোরেজ বিস্তারের পরিকল্পনা করছি, যা স্মার্ট কৃষি বাস্তবায়নে এবং কৃষকের আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

​রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, কৃষি ও কৃষকের টেকসই মানোন্নোয়নে এই হাইব্রিড সোলার মিনি কোল্ড স্টোরেজটি একটি যুগান্তকারী ও জলবায়ুবান্ধব উদ্যোগ। আমাদের প্রান্তিক চাষিরা এতদিন ফসল সংরক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় কঠোর পরিশ্রমে উৎপাদিত শাকসবজি ও পচনশীল পণ্য পানির দামে বিক্রি করতে বাধ্য হতেন। এই প্রযুক্তির মাধ্যমে সেই অপচয় যেমন রোধ হবে, তেমনি কৃষকরা নিজেদের পছন্দমতো সময়ে বাজারে পণ্য সরবরাহ করে ন্যায্য মূল্য পাবেন। এটি কেবল কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীই করবে না, বরং সামগ্রিক গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ও স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিনিধি/টিবি