জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে হাম ও রুবেলায় সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের শনিবারের (২২ আগস্ট) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। তার বয়স ৮ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ জনে।
জেলাভিত্তিক হিসাবে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে রুবেলার দুইজন রোগীও রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১ সন্দেহজনক রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩২৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে, যেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যাও কম নয়। সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪২ জনে।
প্রতিনিধি/এলএ