জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। তবে এই আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’।
অন্যদিকে, আবহমান বাংলার এই ঐতিহ্য বজায় রাখতে অনড় অবস্থানে রয়েছেন আয়োজকরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।
উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুবসমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করার কথা। অতীতে এই আয়োজন ঘিরে কোনো বাধার সম্মুখীন না হলেও এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী এটি বাতিলের দাবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সুনাই নদীতে এই নৌকাবাইচের আয়োজন করে আসছে। তবে গত কয়েক দিন ধরে জুয়েল, অপুসহ স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে এই প্রতিযোগিতার বিরোধিতা করে লেখালেখি করছে, যা পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করতে পারে।
স্থানীয় আরেক বাসিন্দা আক্ষেপ করে বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা এই এলাকার মানুষের আনন্দের খোরাক। শত শত মানুষ প্রতিবছর নৌকাবাইচ উপভোগ করে। কিন্তু কী একটা উপদ্রব শুরু হয়েছে! ‘তৌহিদী জনতা’র ব্যানারে হুমকি দেওয়া হচ্ছে।
প্রতিযোগিতাটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন গণমাধ্যমকে জানান, উত্তেজনাকর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ফেসবুকে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। এর বাইরে আমার কিছু জানা নেই।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, এ রকম কোনো ঘটনা বা নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ