জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় মাথায় গুলি করে শাহিদ হোসেন নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা।
শনিবার (২২ আগস্ট) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, শাহিদ হোসেন আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের একটি শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন, তবে উন্মাদ ছিলেন না। কেন তিনি আত্মহত্যা করেছেন, তা বুঝতে পারছি না।’
আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, সে বিষয়েও তিনি জানেন না বলে জানান শারমিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, সকাল আটটার দিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পিস্তলটির বিষয়ে জানতে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রতিনিধি/এসএস