জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম
বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস