Dhaka Mail Logo

সারাদেশ

চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ বিস্ফোরণ, রোগীসহ প্রাণে বাঁচলেন সবাই

জেলা প্রতিনিধি

২২ আগস্ট ২০২৬, ০৮:২০ এএম

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ক্রসিং এলাকায় বিস্ফোরণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি চলন্ত অ্যাম্বুলেন্স। বিকট শব্দের পর মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলেও ভেতরে থাকা মুমূর্ষু রোগী, তার স্বজন ও চালক অলৌকিকভাবে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

​পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটির মালিক খানখানাপুর এলাকার মো. রাসেল গাজী।

তিনি বলেন, মাইক্রোবাসটি এলপিজি গ্যাসে চলে। রাজবাড়ীর খানখানাপুর থেকে এক রোগীকে নিয়ে তার ৩ স্বজন ফরিদপুরের উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। বসন্তপুর এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে গন্ধ বের হলে চালক দ্রুত সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর কয়েক মিনিট পরেই গাড়িতে একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। ইঞ্জিনের ত্রুটি থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

 তিনি আরও বলেন, এমন ভাবে আগুন ধরেছে গাড়িটির অবশিষ্ট আর কিছুই নেই। পুড়ে ছাই হয়ে গেছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।

​অগ্নিকাণ্ডের কারণে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। অ্যাম্বুলেন্সটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রতিনিধি/টিবি