জেলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০২:৩৩ এএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ লিপ্ত হন। এক পর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হেকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, তবে আমরা বিষয়টি তদন্ত করছি।
প্রতিনিধি/এমএইচআর