Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ১১:৪৯ পিএম

বাবা পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে, আর দেশে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল তিন বছরের একমাত্র সন্তান সিদরাতুল মুনতাহা আয়াতের নিথর দেহ। ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার হওয়া এই শিশুর মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে এক রহস্যজনক পরিস্থিতি, শুরু হয়েছে স্বজনদের পাল্টাপাল্টি অভিযোগ।

শুক্রবার ভোর পাঁচটার দিকে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের মোজাফফর বাড়ির পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত আয়াত ওই গ্রামের শেখ সাহেব সজিব ও জান্নাতুল ফেরদৌস মনি দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দাদির কাছে নাশতা খাওয়ার পর হঠাৎ উধাও হয়ে যায় ছোট শিশুটি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ওই দিনই নিরাপত্তার স্বার্থে শিশুটির দাদা ও মামা সোনাগাজী মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে ঘটনার মোড় ঘোরে শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মনির থানায় লিখিত অভিযোগ দায়েরের পর। মায়ের দাবি, পারিবারিক বিরোধের জেরে শ্বশুর পক্ষের লোকজনসহ তিনজন পরিকল্পিতভাবে আয়াতকে সরিয়ে দিয়েছে। কিন্তু যে পুকুরে আগের দিন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া যায়নি, পরদিন ভোরে ঠিক সেখানেই লাশ ভেসে ওঠায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। 

নিহত শিশুর স্বজন হেলাল উদ্দিন বলেন, আয়াত ছিল মা-বাবার একমাত্র সন্তান। তার বাবা বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। এমন এক সময়ে আমাদের এই মর্মান্তিক দুঃসংবাদ শুনতে হলো। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পারিবারিক অভিযোগসহ সব দিক বিবেচনা করে ঘটনার তদন্ত চলছে; ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্ত শেষে বিকেলে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 


প্রতিনিধি/এমএইচআর