Dhaka Mail Logo

সারাদেশ

অটোরিকশা ছিনতাইয়ে চালক খুন, ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এক চালককে হত্যা করার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আতাউর রহমান ওরফে আতা মিয়া (৬০) উপজেলার বারিষাব ইউনিয়নের চ্যাংনা গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম জহুর খাতুন।

আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কের একটি ফাঁকা জায়গায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

d952e921-58ea-4e26-92fd-b7a9a9be3daf

নিহতের স্বজনেরা জানান, আতা মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।

স্বজনেরা আরও জানান, ছেলের মৃত্যুর খবর শুনে জহুর খাতুন অসুস্থ হয়ে মারা যান। শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অটোরিকশা ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস