Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল কুতুবের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

জিয়া উদ্দিন টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে ভোর ৪টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

বিজিবির অধিনায়ক বলেন, ‘মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

প্রতিনিধি/এমআই