Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় যুবদল নেতাকে তিন চুরির মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ

উপজেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

নোয়াখালীর হাতিয়ায় নিয়মিত মামলায় গ্রেফতার যুবদলের এক নেতাকে পরে আরও তিনটি চুরির মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এসব মামলার কোনো কোনোটিতে তিনি এজাহারভুক্ত আসামি নন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালীর দক্ষিণ পাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হানিফ উদ্দিন তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের হাছান ব্যাপারীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ অভিযান চালিয়ে হানিফ উদ্দিনকে গ্রেফতার করে। পরে থানায় নেওয়ার পর ২০২৫ ও ২০২৬ সালের তিনটি চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরিবারের দাবি, এসব মামলার মধ্যে দুটিতে তিনি এজাহারভুক্ত আসামি নন।

bf66edbd-333e-4b62-ad1e-6e093bd6e1b4

হানিফের স্ত্রী রিক্তা বেগম বলেন, ‘রাজনৈতিক একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে। কিন্তু থানায় নেওয়ার পর আরও তিনটি মিথ্যা চুরির মামলায় জড়ানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তাকে আদালতে পাঠানোর পর আইনজীবীর মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘হানিফ উদ্দিন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হাতিয়া থানায় ১৯টি মামলা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তিনি কয়টিতে জামিনে আছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তবে হানিফ উদ্দিনকে তিনটি চুরির মামলায় গ্রেফতার দেখানো নিয়ে তার পরিবারের অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস