Dhaka Mail Logo

সারাদেশ

পাংশায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার, হত্যা মামলায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০২:৩৬ এএম

রাজবাড়ীর পাংশায় দুদিন ধরে নিখোঁজ রাবেয়া খাতুনের (৩৫) নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামাল মণ্ডল (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাবেয়া খাতুন পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধান না পেয়ে তার পরিবার পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং সেটি গলিত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রাবেয়া খাতুনের বলে শনাক্ত করেন।

নিহতের পরিবারের অভিযোগ, রাবেয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামাল মণ্ডলকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলায় জামাল মণ্ডল নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।