জেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে এ হামলা চালানো হয়। হামলার সময় বর্তমান ইউপি সদস্য শাহাজাহান মোল্লা অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে হামলাকারীরা সটকে পড়ে।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, তার দ্বিতীয় সংসারে দুই ছেলে মনির মোল্লা ও দিদার মোল্লার নেতৃত্বে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চার দিন ধরে সন্তানদের অত্যাচারে তিনি বাড়ি থেকে বের হতে পাচ্ছেন না। তার স্ত্রী হাজেরাসহ এ সংসারের সন্তানরা চাপা আতঙ্কে জীবন-যাপন করছে।
এদিকে চেয়ারম্যানের স্ত্রী হাজেরা বেগম বলেন, হামলার ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন।
তিনি আরও বলেন, খুব ভয় লাগছে। ঘর থেকে বের হতে পারছি না। বাজার কিংবা দোকানেও যেতে পারছি না। বাড়ির বাইরে লোকজন ওঁৎ পেতে রয়েছে। এরই মধ্যে কয়েকবার হামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মনির হোসেন মোল্লার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে তার ভাই দিদার মোল্লা মোবাইল ফোনে জানান, পারিবারিক সমস্যা আছে। এখন কিছু বলা যাচ্ছে না। বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ