Dhaka Mail Logo

সারাদেশ

একযুগ পর ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

বরিশালের বানারীপাড়ায় চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে প্রায় এক যুগ পর গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

এর আগে, গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে।

র‌্যাব-৮-এর মিডিয়া সেল জানায়, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই বানারীপাড়া থানায় মামলা করা হয়।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের অক্টোবরে আদালত রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর বরিশাল অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাসেল মুন্সীর অবস্থান শনাক্ত করে।

পরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও র‌্যাব-১ গাজীপুরের সিপিএসসির সমন্বয়ে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতার রাসেল মুন্সীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে