জেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
জয়পুরহাটে পৃথক দুইটি মামদ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ সহকারী আইনজীবী (এপিপি) এ টি এম মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার শমীপুর গ্রামের হারুনের ছেলে ডিপজল ওরফে দিপু, বিলাশবাড়ি গ্রামের গুলবর হোসেনের পুত্র শাহেদ আলী ও আরেক মামলার সাজাপ্রাপ্ত আসাদুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রাসের আমজাদ হোসেনের ছেলে। তারা সবাই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
মামলা বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২ অক্টোবর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজার এলাকার রাস্তার উপর থেকে ডিপজল ও সাহেদ আলীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন এসআই জামিনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
এদিকে, ২০২২ সালের ২৪ এপ্রিল রাতে পাঁচবিবি উপজেলা গোপালপুর ব্রীজ এলাকার সড়কে আসামি আসাদুল ইসলামের শরীর তল্লাশি করে সাড়ে ৩শ পিস এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার তৎকালীন এসআই মেহেদী হাসান এ ঘটনায় মামলা করেন। এ দুইটি মামলায় সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।
প্রতিনিধি/ এজে