জেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৯ আগস্ট) রাতে টেকনাফের নাফ নদী ও শীলবুনিয়া পাড়ায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত কাঠের বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
এর আগে একই দিন রাত ৮টার দিকে টেকনাফের শীলবুনিয়া পাড়ায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে