Dhaka Mail Logo

সারাদেশ

পীরগাছায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুত, বেশি দামে বিক্রয়, ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।

এসময় হাবিবা ট্রেডার্সের হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা ও সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সার মজুত, বেশি দামে বিক্রয় ও ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে