Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা রিং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের টান বাজার এলাকার হাজী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

অভিযান সংশ্লিষ্টদের ভাষ্য মতে, হাজী এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ৪১ বস্তা অবৈধ রিং জাল পাওয়া যায়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসব জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জাল, পোনা মাছ নিধন ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে