জেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে শোয়ার ঘর থেকে গোলাম রব্বানী লাবু (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সদর ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে লাবুর সঙ্গে পরিবারের সদস্যের মনোমালিন্য হয়েছিল। আজকে সকালের দিকে তার শোয়ার ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে কোনো সাড়া পায়নি। পরে ঘরের দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলছিল ও পা মাটিতে লেগে থাকা অবস্থায় দেখতে পায়। সেটি দেখে পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এজে