Dhaka Mail Logo

সারাদেশ

মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান, অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

মেহেরপুরে অনলাইন জুয়া চক্রের সক্রিয় এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীম রেজাকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাত সোয়া ১১ টার দিকে জেলা পুলিশের এক প্রেস রিলিজ মারফত বিষয়টি নিশ্চিত করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শামীম রেজা কোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে আসছিলেন। একই সঙ্গে বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থের লেনদেন পরিচালনা করতেন। সাধারণ মানুষকে দ্রুত ও স্বল্প পরিশ্রমে ধনী হওয়ার প্রলোভন দেখিয়ে ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অনলাইন জুয়ার ফাঁদে ফেলাই ছিল তার মূল কাজ। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা চলমান রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

 

​জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানা জানান, গ্রেফতার শামীম রেজাকে সাইবার সুরক্ষা আইনের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। অনলাইন ক্যাসিনো, সাইবার অপরাধ ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি