Dhaka Mail Logo

সারাদেশ

১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রাজধানীর কলাবাগানে নেওয়া হচ্ছে তাকে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

munsi-1
প্যারোলে মুক্ত হওয়ার পর প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছে দীপু মনিকে।

এর আগে বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। পরে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Dipu_moni_husband
গত ২৬ এপ্রিল হুইলচেয়ারে বসে স্ত্রী দীপু মনিকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তৌফিক নেওয়াজ।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

munsi-2
পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকায় নেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনিকে। 

তৌফিক নেওয়াজ অসুস্থ থাকার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন তিনি।

প্রতিনিধি/এমআর