Dhaka Mail Logo

সারাদেশ

আলীকদম সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৯ আগস্ট) আইনি ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সি মিয়ানমারের ১৪ পুরুষ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবি জানায়, কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাঁদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাঁরা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাক পরে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) তাঁদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ঢাকা মেইলকে বলেন, ‘১৮ আগস্ট মিয়ানমারের ১৪ নাগরিককে বিজিবি আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

প্রতিনিধি/এজে