Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ৫০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

ফেনী শহরে পরিবেশের জন্য ক্ষতিকর ও বিক্রয় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০৮ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ পলিথিন মজুত ও বিক্রয়ের অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের বড় বাজারে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে পরিচালিত এই অভিযানে বড় বাজারের ‘মেসার্স জাহিন স্টোর’ থেকে ৪৩ কেজি পলিথিন জব্দসহ ৫ হাজার টাকা, ‘মেসার্স মদিনা স্টোর’ থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দসহ ১০ হাজার টাকা ও মো. নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।

​ফেনীস্থ পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ সুরক্ষায় ও নিষিদ্ধ পলিথিনের বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/  এজে