Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় চায়না পিস্তল ও গুলিসহ আটক ৫

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

বরগুনার তালতলীতে একটি চায়না পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে মো. রিয়াজ কাজীর মালিকানাধীন একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লিমন (২৮), জামাল (২৭), অনিক মজুমদার (২৫), জিহাদ (৩৫) ও হৃদয় (২৪)।

অভিযানে ভাড়াটিয়া লিমনের কক্ষের খাটের তোশকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি চায়না পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কোনো পক্ষ ভাড়াটে অস্ত্রধারী এনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় তালতলী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে তদন্তসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে