Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে মাদক ক্রয়-বিক্রয়ের দায়ে ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামে আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম উপস্থিত থাকলেও অপর দুইজন পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তারা মাদক সরবরাহ করে। ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ কাছে সংবাদ আসে কয়েকজন লোক রাজশাহী থেকে ট্রাকযোগে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এমন সময় একটি ট্রাক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। এসময় ২৫০ গ্রাম হেরোইনসহ সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-১২'র ডিএডি সোলাইমান হোসেন তাড়াশ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

প্রতিনিধি/এলএ