Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে বিদেশি রাইফেল-পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি SVD Dragunov রাইফেল ও একটি ৯ মিমি বিদেশি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন, টেকনাফ।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়।

এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, ম্যাগাজিনসহ একটি ৯ মিমি বিদেশি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে