জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া আল-সাদী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার তিন দিন পর তার মৃত্যু হলো।
আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল-সাদীরর আগে আরও দুটি বিয়ে হয়েছিল। ওই দুই স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। সর্বশেষ বিয়ে করা স্ত্রীও তার ছোট ভাইয়ের সঙ্গে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে বাড়ির কিছুটা দূরে রাস্তায় গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।
স্থানীয় লোকজন তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আল-সাদী নিজের শরীরে আগুন দিয়ে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রতিনিধি/এসএস