জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে জীবননগর থানাধীন বেনীপুর গ্রামের আলমের তিন রাস্তা নামক স্থানে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের সঙ্গে থাকা স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আঃ শুকুর খান (২৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদর থানার মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) ও তার চার বছরের মেয়ে হামিদা।
এছাড়াও তাদের সঙ্গে থাকা জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) এবং বেনীপুর মাঠপাড়ার আসমাউল হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।
থানার এজাহার সূত্রে জানা যায়, সকালে বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ১০টার দিকে জীবননগর থানার এসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেনীপুর গ্রামস্থ আলমের তিন রাস্তা মোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই ৭ জনকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। ধৃত আসামীরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এজে