জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ বুধবার (১৯ আগস্ট) জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট হওয়ার কথা ছিল। তবে স্থানীয় ইমাম-উলামা পরিষদের আপত্তি ও প্রতিবাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করেছে প্রশাসন।
কনসার্টকে ঘিরে গত কয়েক দিন ধরে কিশোরগঞ্জে আলোচনা-সমালোচনা চলছিল। একদিকে আয়োজকেরা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করেছিলেন। অন্যদিকে গান-বাজনাকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে কনসার্ট বন্ধের দাবিতে মাঠে নামে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।
জানা যায়, ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে ‘অ্যাশেজ’-এর কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করে ইমাম-উলামা পরিষদ। সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে কনসার্ট বন্ধের দাবি জানান।

স্মারকলিপিতে তারা বলেন, কনসার্টে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের আয়োজন ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি করতে পারে। আগেও কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে গান-বাজনা ও কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের বিরোধিতার কারণে তা শেষ পর্যন্ত হয়নি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

কনসার্ট বন্ধের দাবির বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নেন জেলার সংস্কৃতিপ্রেমী ও সংগীতপ্রেমীদের অনেকে। তাদের ভাষ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবে আলোচনা ও সহনশীলতার মাধ্যমে এর সমাধান হওয়া উচিত।
এর মধ্যেই মঙ্গলবার রাতে আয়োজকেরা জানিয়েছিলেন, কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই অনুষ্ঠান হবে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত কনসার্ট ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা ছিল।

পরে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আবারও প্রতিবাদ ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

কনসার্ট স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ‘অ্যাশেজ’ ব্যান্ডও। এক পোস্টে ব্যান্ডটি জানায়, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে পুরাতন স্টেডিয়ামের কনসার্ট স্থগিত করা হয়েছে। পরে আবার দেখা হবে বলেও আশা প্রকাশ করে ব্যান্ডটি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে স্থগিত হওয়া কনসার্টটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আয়োজক কমিটিও এ বিষয়ে এখনই কথা বলতে রাজি হয়নি।
কনসার্ট স্থগিত হওয়ায় সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অন্যদিকে, ইমাম-উলামা পরিষদের নেতারা তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কয়েক দিনের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত মঞ্চে ওঠার আগেই স্থগিত হলো ‘অ্যাশেজ’-এর কনসার্ট।
প্রতিনিধি/এসএস