জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের (৩৯) মৃত্যু হয়েছে। নিহত অন্যরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬৪)।
নিহত দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।
দৈনিক আজকের আলোর সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুবুর রহমান দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যের মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমেও এ ঘটনার খবর প্রকাশিত হয়েছে।
দেবাশীষ দত্তের মৃত্যুর খবরে কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, ‘দেবাশীষের মৃত্যু এখনো আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি শুধু ভালো সাংবাদিকই ছিলেন না, অত্যন্ত ভালো মনের মানুষও ছিলেন। তার অকালমৃত্যুতে কুষ্টিয়াবাসী তথা দেশ একজন গুণী সাংবাদিককে হারাল।’
এদিকে দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
প্রতিনিধি/এসএস