জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম
সাতক্ষীরার কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তানজিম তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে সাপে কামড় দিলে সে চিৎকার ও কান্না শুরু করে। পরে ঘুম থেকে উঠে তারা শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। এ সময় বিছানার পাশে একটি কালাস সাপ দেখতে পাওয়া যায়।
তানজিমের চাচা মোস্তফা ঢালী জানান, সাপে কাটার পর প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন বলেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনতেও কিছুটা দেরি হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে বাড়িতে কিছু প্রাথমিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপে কাটার পর চিকিৎসা পেতে দেরি হওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রতিনিধি/এসএস