জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
ফেনীর দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও আবাসন নিশ্চিত করতে ৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সাততলা আবাসিক ভবন নির্মাণ করছে সরকার। দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নার্সারি সড়কে নির্মাণাধীন ভবনটির কাজ শেষ হলে ২৪টি পরিবার আবাসনের সুবিধা পাবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় ‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প’-এর অধীনে ভবনটি নির্মাণ করা হচ্ছে। ২০২৪ সালের ২১ নভেম্বর প্রকল্পটির কাজ শুরু হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান কনসোনেল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিল্ডার্স ভবন নির্মাণের কাজ করছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, কার্যাদেশ অনুযায়ী গত ৭ এপ্রিল ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। বর্তমানে প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ইউনিট পার্টিশনের ব্লক ইটের গাঁথুনি, পলেস্তারা, ফিনিশিং ও রংয়ের কাজ। এরপর প্রতিটি ইউনিটে দরজা-জানালাসহ অন্যান্য সরঞ্জাম বসানো হবে। আগামী বছরের প্রথমার্ধে ভবনটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরেজমিনে দেখা যায়, সাততলা ভবনটির ছয়টি ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় পার্শ্বদেয়ালের ইটের গাঁথুনির কাজ করছেন শ্রমিকেরা। সপ্তম তলায় ছাদ ঢালাইয়ের প্রস্তুতিমূলক কাজ চলছে।
পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, তারা শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন। এ কারণে অনেকেই তাদের বাসা ভাড়া দিতে চান না। ফলে রাস্তার পাশে কিংবা নিম্নমানের কলোনিতে বসবাস করতে হয়। নতুন ভবনে থাকার সুযোগ পেলে তাদের সন্তানদের লেখাপড়ার পরিবেশ তৈরি হবে এবং সমাজে তাদের মর্যাদাও বাড়বে।

দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মো. মাছুমি বিল্লাহ বলেন, ৩৬ শতক জমির ওপর ভবনটির নির্মাণকাজ চলছে। সাততলা ভবনটিতে কমিউনিটি হল, নামাজের স্থান ও লিফটসহ আধুনিক বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। এতে মোট ২৪টি আবাসিক ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটের আয়তন প্রায় ৭০০ বর্গফুট। প্রতিটি ইউনিটে দুটি শয়নকক্ষ, দুটি বারান্দা, বসার ঘর, খাবার ঘর ও রান্নাঘর থাকবে।
মাছুমি বিল্লাহ বলেন, ভবনটির প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী সাত-আট মাসের মধ্যে ভবনটি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। ভবনটি উপজেলার অন্যতম আধুনিক ভবন হবে বলে তিনি আশা করছেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, দেশের ৫৯টি জেলার ৬৬টি পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী ও দলিত সম্প্রদায়ের আবাসনসংকট দূর করতে ১ হাজার ১৪২ কোটি টাকা ব্যয়ে সাততলা আধুনিক আবাসিক ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এসব ভবন বরাদ্দ দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীসহ দলিত সম্প্রদায়ের আবাসনসংকট কমানোর পাশাপাশি তাদের আর্থসামাজিক মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস