জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, একটি নির্দিষ্ট ডাম্প ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান নামক এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। পরবর্তীতে বিজিবির অভিযানিক দল ডাম্প ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাকটি তল্লাশি করে ট্রাকভর্তি বালুর ভেতরে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশ এবং পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধি/ এজে