জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ দেখিয়ে শপথ নিয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে শিক্ষার্থীরা হাত উঁচিয়ে লাল কার্ড প্রদর্শন করে। পরে তারা সম্মিলিতভাবে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে দূরে থাকার পাশাপাশি স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ নেয়।
এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন।

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয়। নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
প্রতিনিধি/এসএস