Dhaka Mail Logo

সারাদেশ

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

ফেনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় UV সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার ফুলগাজী সীমান্ত এলাকা থেকে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এসব পণ্য উদ্ধার করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে মঙ্গলবার ফুলগাজীর সীমান্ত অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও দামি শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে। সীমান্তকেন্দ্রিক যে-কোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে