জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় বিকল ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম (২৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কাঠবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পাংশা কলেজ মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক নজরুল ইসলাম মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে জ্যাক দিয়ে উঁচু করে নিচে ঢুকে চাকা মেরামত করছিলেন।
এ সময় পেছন থেকে গবাদিপশুর খাদ্যবোঝাই একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাঠবোঝাই ট্রাকটি সামনে এগিয়ে গেলে নিচে থাকা নজরুল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে নজরুলের মরদেহ উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত কাঠবোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস