জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
মুন্সিগঞ্জের দুটি মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালের পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বেজগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০) ও ইব্রাহিম (৪০) পিরোজপুরের বাসিন্দা। গুরুতর আহত সাউদা বেগম (৩৫) বরগুনা এবং মরিয়ম (৫৫) পিরোজপুরের বাসিন্দা।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডসংলগ্ন ইউটার্ন এলাকায় সকাল আটটার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। পুলিশ জানায়, আবুল কাশেম গজারিয়ার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইস্কান্দার মিয়া (৫১) ও আরও একজন গুরুতর আহত হন। তারা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম তিনটি দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর দুটি মহাসড়কেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস