জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ওয়ালটন শোরুম, জুয়েলার্সসহ ৭টি দোকান। এসময় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন দোকান শ্রমিকসহ ২ জন।
মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন(৭৫) ও হাজী এন্টার প্রাইজের স্টাফ মো. রানা (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ন্যাশনাল ক্রেকারিজ গোডাউনে হঠাৎ আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তে সে আগুন পার্শ্ববর্তী হাজী এন্টার প্রাইজ এন্ড ওয়াল্টন শো রুম, ডাঃ মতিন ডেন্টল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটন্যাস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুন দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওসব ভবনে বাসাভাড়ায় থাকা ৫ জন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যদেরসহ ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভুক্তভোগীদের দাবি অগ্নিকাণ্ডের প্রায় এক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রতিনিধি/ এজে