Dhaka Mail Logo

সারাদেশ

নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর তোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নকলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তোতা মিয়া নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাজারদী গ্রামের মৃত নুরু মিয়ার কনিষ্ঠ ছেলে।

তোতা কাউন্সিলরের ছোট ভাই আনার মিয়া জানান, আমার বড় ভাই প্রায় দুই মাস আগে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার পর থেকে তার স্মৃতিশক্তি অনেকাংশে কমে যায়। গতকালই তাকে ঢাকা থেকে চিকিৎসক দেখিয়ে আনা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আজ হাতে পাওয়ার কথা ছিল। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

অসুস্থতার বিষয়ে নকলা পৌরসভার জালালপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লালন আহমেদ উদ্বেগ প্রকাশ করে জানান, তোতা মিয়া বেশ কিছুদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। এমন শারীরিক অবস্থায় তার গ্রেফতারের খবরটি দুঃখজনক।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, তোতা কমিশনারকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি